মূল্যবৃদ্ধি ও সম্প্রীতি ইস্যুতে নরেন্দ্র মোদিকে খোঁচা ব্রাত্যর
দি নিউজ লায়নঃ অষ্টম দফা ভোটের আগে মূল্যবৃদ্ধি ও সম্প্রীতি নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে খোঁচা দিলেন ব্রাত্য বসু। ভরতপুরে ব্রাত্য বলেন," হাজার টাকার গ্যাস কিনে বিনা পয়সার চাল রান্না করতে হচ্ছে। এই হচ্ছে দিদি আর মোদির পার্থক্য। " ভরতপুর বিধানসভার উজুনিয়া গ্রামে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করতে সালারে এসে এভাবেই ভাজপাকে আক্রমণ করেন ব্রাত্য।
ব্রাত্যবাবু বলেন, বাংলার তৃণমূল সরকার ও কেন্দ্রের বিজেপি সরকারের মধ্যে পার্থক্যটা আপনাদের বুঝতে হবে। আমাদের নেত্রী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অসংখ্য জনমুখী প্রকল্প এনে মানুষের সেবা করছেন। দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন। তাই আপনাদেরও দিদির পাশে থাকা দরকার। মোদি ব্যঙ্গের সুরে 'দিদি' বলে ডাকছেন। আমরা ওঁকে ছেড়ে কথা বলব না। ইতিমধ্যে গোটা দেশজুড়ে কৃষক আন্দোলন শুরু হয়েছে। দেশের সবকিছু বেচে দিচ্ছে মোদি সরকার।
আমাদের প্রতিবাদ করতেই হবে। মুর্শিদাবাদে আমরা ২২টি আসনেই জয়ী হব। ব্রাত্য আরো বলেন, আগে আমরা জানতাম কেন্দ্রের হাতে ইডি, সিবিআই ছিল। কিন্তু এখন ওই দুই সংখ্যাটা দুই থেকে চার হয়েছে। যোগ হয়েছে নির্বাচন কমিশন ও আধাসামরিক বাহিনী। অন্যদিকে, এদিন বড়ঞার বিজেপি প্রার্থী অমিয় দাসের সমর্থনে এলাকার জালিবাগানে জেপি নাড্ডার আসার কথা থাকলেও তিনি এসে পৌঁছাতে পারেননি।। সেকারণে হতাশ দলের কর্মীরা। জায়ান্ট স্ক্রিনে সভাপতির ভাষণ শোনানো হয়। অনেকে বাড়ির পথে রওনা দেন।

Post a Comment